সেবা ফান্ডের মাধ্যমে নিঃস্ব, গরিব ও অসহায় ব্যক্তিবর্গের আর্থ-সামাজিক উন্নয়নে এবং তাদের শিক্ষা, স্বাস্থ্য ও চিকিৎসা, দুর্ঘটনা, সৎকার ইত্যাদি জরুরি প্রয়োজনে সংস্থার জন্মলগ্ন থেকেই সহায়তা করা হয়। সংস্থার ক্ষুদ্রঋণ কর্মসূচি হতে বাৎসরিক মুনাফার একটি অংশ এবং বিভিন্ন দানশীল ব্যক্তি ও প্রতিষ্ঠানের নিকট থেকে অনুদান নিয়ে এই তহবিল গড়ে তোলা হয়েছে। নিম্নে সেবা ফান্ড হতে পরিচালিত কর্মসূচিসমূহের বিবরণ দেয়া হলো।

বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ

দক্ষতা ও যোগ্যতা থাকা সত্তেও প্রায় দেখা যায় অনেক নারী বিধবা হয়ে অথবা স্বামীর দ্বারা নির্যাতিত ও তালাকপ্রাপ্ত হয়ে অসহায় অবস্থায় দিন কাটান, কখনও বা দরিদ্র বাবার সংসারে আশ্রয় নেন। দুস্থ বাবা দুমুঠো খাবার জোগাড় করতেই হিমশিম খায়, তার উপরে অসহায় মেয়ের বাড়তি চাপ। মানব সেবা অভিযান এই সকল দুস্থ নারীদের কর্মসংস্থানের কথা চিন্তা করে ২০১৬ সাল হতে সেলাই মেশিন প্রদান কর্মসূচি গ্রহণ করেছে। সমাজের বিত্তবান সহৃদয় ব্যক্তিবর্গের সাহায্য এবং সেবা ফান্ডের অর্থ দিয়ে এই কর্মসূচি পরিচালিত হয়। ২০২৪-২০২৫ অর্থবছরে ৬টি সেলাই মেশিন এবং জুন/২৫ পর্যন্ত সর্বমোট ৭২টি সেলাই মেশিন প্রদান করা হয়েছে। এই কর্মসূচি একটি চলমান প্রক্রিয়া যাতে পিছিয়ে পড়া অসহায় মেয়েরা কারো মুখাপেক্ষী না হয়ে নিজেদের দক্ষতা ও যোগ্যতায় সমাজের সকল বাধা অতিক্রম করে মাথা উঁচু করে দাঁড়াতে পারে।