সেবা ফান্ডের মাধ্যমে নিঃস্ব, গরিব ও অসহায় ব্যক্তিবর্গের আর্থ-সামাজিক উন্নয়নে এবং তাদের শিক্ষা, স্বাস্থ্য ও চিকিৎসা, দুর্ঘটনা, সৎকার ইত্যাদি জরুরি প্রয়োজনে সংস্থার জন্মলগ্ন থেকেই সহায়তা করা হয়। সংস্থার ক্ষুদ্রঋণ কর্মসূচি হতে বাৎসরিক মুনাফার একটি অংশ এবং বিভিন্ন দানশীল ব্যক্তি ও প্রতিষ্ঠানের নিকট থেকে অনুদান নিয়ে এই তহবিল গড়ে তোলা হয়েছে। নিম্নে সেবা ফান্ড হতে পরিচালিত কর্মসূচিসমূহের বিবরণ দেয়া হলো।

শিক্ষা সহায়তা প্রদান

সংস্থার বিভিন্ন সেবামূলক কার্যক্রমের মধ্যে শিক্ষাকে অগ্রাধিকার প্রদান করা হয়। সুখী ও সমৃদ্ধশালী সমাজ গড়ে তোলার অন্যতম মাধ্যম হলো মানসম্মত শিক্ষা। শিক্ষার মাধ্যমে মানুষের ভাল-মন্দ বোধের সৃষ্টি হয়। কেবল শিক্ষিত জাতিই পারে সমাজ থেকে দারিদ্র দূর করে সুখী সমাজ গঠন করতে। আর্থিক সহায়তা প্রদানের মাধ্যমে সুযোগ-সুবিধা বঞ্চিত এবং পিছিয়ে পড়া পরিবারের সন্তানদের শিক্ষার সুযোগ সৃষ্টি করাই আমাদের মূল লক্ষ্য। এই বিষয়টি মাথায় রেখেই আমাদের সংস্থার জন্মলগ্ন থেকে দরিদ্র ও হতদরিদ্র সদস্যদের সন্তানদের শিক্ষা সহায়তা প্রদান করা হয়। এ ক্ষেত্রে শিক্ষা উপকরণ ক্রয়, ‍SSC ও HSC পরীক্ষার ফরম পূরণ ইত্যাদি ক্ষেত্রে অগ্রাধিকার ভিত্তিতে আর্থিক অনুদান প্রদান করা হয়ে থাকে। এই খাতে ২০২৪-২০২৫ অর্থবছরে ৫১ জন শিক্ষার্থীকে ৩,৯৫,০০০/- টাকা এবং জুন/২৫ পর্যন্ত ১৬০৭ জন শিক্ষার্থীকে সর্বমোট ২১,৬৭,৫৯৬/- টাকার শিক্ষা সহায়তা প্রদান করা হয়েছে।