সেবা ফান্ডের মাধ্যমে নিঃস্ব, গরিব ও অসহায় ব্যক্তিবর্গের আর্থ-সামাজিক উন্নয়নে এবং তাদের শিক্ষা, স্বাস্থ্য ও চিকিৎসা, দুর্ঘটনা, সৎকার ইত্যাদি জরুরি প্রয়োজনে সংস্থার জন্মলগ্ন থেকেই সহায়তা করা হয়। সংস্থার ক্ষুদ্রঋণ কর্মসূচি হতে বাৎসরিক মুনাফার একটি অংশ এবং বিভিন্ন দানশীল ব্যক্তি ও প্রতিষ্ঠানের নিকট থেকে অনুদান নিয়ে এই তহবিল গড়ে তোলা হয়েছে। নিম্নে সেবা ফান্ড হতে পরিচালিত কর্মসূচিসমূহের বিবরণ দেয়া হলো।

যাকাত ফান্ড

আমাদের দেশে অনেক হতদরিদ্র পরিবার আছে যাদের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হঠাৎ কোন দুর্ঘটনায় কর্মহীন অথবা মারা গেলে তাদের পরিবার এক চরম অনিশ্চয়তা ও হতাশার মধ্যে পড়ে যায়। এই সমস্ত পরিবার উপযুক্ত পরিবেশ, শিক্ষা, পুণর্বাসন এবং কর্মসংস্থানের অভাবে চরম দারিদ্রের মধ্যে বসবাস করে। আর্থিক অবস্থা এতটাই শোচনীয় যে তারা নিজেদের চিকিৎসার স্বল্পতম ব্যয়ভারও বহন করতে পারেন না। এছাড়াও চিকিৎসা শেষে অনেক রোগীই সম্পূর্ণ শারীরিক সক্ষমতা ফিরে পায় না, ফলে সেই পরিবারটি একেবারে অসহায় অবস্থার মধ্যে পড়ে যায়। কর্মএলাকার মধ্যে এই ধরণের যে সকল অসহায় পরিবার আছে তাদের সহযোগিতার জন্য এই সংস্থায় যাকাত তহবিল গঠন করা হয়েছে। দুস্থ নারীদের প্রয়োজনীয় প্রশিক্ষণ ও পুঁজি প্রদানের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা আমাদের এই কার্যক্রমের অন্যতম লক্ষ্য। এই তহবিলের অর্থ দিয়ে গরিব সদস্যদের প্রয়োজনে সেলাই মেশিন, হুইল চেয়ার ইত্যাদিও প্রদান করা হয়। যাকাত তহবিল হতে ২০২৪-২০২৫ অর্থ বছরে ৮৯ জনকে ২,১১,৯৩৭/- টাকা এবং জুন/২৫ পর্যন্ত ২৯০ জনকে সর্বমোট ৫,৫৬,৭৮৭/-টাকার বিভিন্ন উপকরণ ও আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।